রাশিয়া থেকে মুখ ফেরালো মাইক্রোসফট

২ মার্চ, ২০২২ ০৯:১৮  
ফেসবুক, টুইটার, গুগলের ইউটিউবের পর এবার রাশিয়া থেকে মুখ ফিরিয়ে নিল বিশ্বের বৃহত্তম কম্পিউটার অপারেটিং সিস্টেম নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। নিষিদ্ধ করল দেশটির সরকার নিয়ন্ত্রণাধীন সমস্ত সংবাধ্যমকে। এরই মধ্যে উইন্ডোজের সমস্ত প্রডাক্ট থেকে সরিয়ে নেওয়া হয়েছে রাশিয়া টুডে বা ‘আরটি’র অ্যাপসগুলো। এছাড়াও ‘স্পুটনিক’ এর কন্টেন্টগুলো মাইক্রোসফটের সব ধরনের প্রডাক্টে দেখানোর পথও বন্ধ করে দেয়া হয়েছে। এক বিবৃতিতে মাইক্রোসফট জানিয়েছে,মাইক্রোসফটের সার্চ রেজাল্টেও রাশিয়ার সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমগুলো ডি ব়্যাংক করা হবে। অর্থাৎ কেউ যদি সার্চও করে তাহলেও ওই দুই সংবাদমাধ্যমের কোনও কন্টেন্ট বিং সার্চ ইঞ্জিনে দেখানো হবে না। এছাড়াও যদি কোনও অ্যাড নেটওয়ার্কের পক্ষে ওই দুই সংবাদমাধ্যমের কোনো বিজ্ঞাপন দেখানো হলে তাও ব্লক করা হবে। সারা বিশ্বের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে। শুধু মাইক্রোসফট নয়, এর আগে সোশ্যাল মিডিয়া সাইট ফেসুবুকের মূল প্রতিষ্ঠান মেটা এবং গুগলও ওই দুই সংবাদমাধ্যমের উপর বিধিনিষেধ জারি করেছে। ইউক্রেনে আরটির মোবাইল অ্যাপ ডাউনলোড বন্ধ করেছে গুগল। কেননা, গুগল অ্যাডের ফলে টাকা পায় রাশিয়া সরকার নিয়ন্ত্রণাধীন দুই মিডিয়া। তারা যেন টাকা না পায় সেকারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গুগল মনিটাইজেশন বন্ধ করে দেয়ায় ফেসবুক ও ইউটিউব থেকে আয় করতে পারছেন না রাশিয়ান কনটেন্ট ক্রিয়েটররা।পরিষেবা সীমাবদ্ধ করা হয়েছে রাশিয়ায় কিছু টুইটার ব্যবহারকারীর। এছাড়াও ইউক্রেনের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা, রাজনীতিবিদ এবং এক সংবাদকর্মীদের টার্গেট করে খোলা ৪০টি ভুয়া অ্যাকাউন্ট, গ্রুপ এবং পেজ ৪৮ ঘণ্টার মধ্যে ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে মুছে দিয়েছে মেটা।